নতুন সিনেমায় যুক্ত হলেন মৌসুমী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৯ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিন বছর ধরে বাস করছেন যুক্তরাষ্ট্রে। সময় কাটান পরিবারের সঙ্গে। সব কিছুর পর ও ভুলে যান নি অভিনয়কে।  বিতর্ক পিছু ছাড়েনি, তবু থেমে থাকেননি মৌসুমী। সম্প্রতি যুক্ত হলেন ‘আ বিউটিফুল লাই’ নামক একটি নতুন সিনেমায়। 

সিনেমাটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।   

আরও পড়ুন: ৮২তম জন্মদিনে আবুল হায়াত

নতুন এ সিনেমায় যুক্ত হওয়া নিয়ে মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গল্পে যা কিছু ঘটছে, একটা মিথ্যার ওপর ঘটছে। তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। তাই এর নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই। প্রথমে টেলিফিল্ম নির্মাণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে পারে। যা-ই হোক, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক।’

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের ভাষ্যমতে, ‘আ বিউটিফুল লাই’ নামে প্রথমে টেলিফিল্ম বানাতে চেয়েছিলেন তিনি । পরে ভাবনা বদলে যায়। গল্পটি দিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শিগগিরই জ্বলে উঠবে লাইট ক্যামেরা।  

আরও পড়ুন: গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ী, প্রকাশ্যে প্রথম ঝলক

জেনে রাখা ভালো, যুক্তরাষ্ট্রে থাকার সময় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তবে ছবিটি মুক্তির সময়ই নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রীর স্বামী ওমর সানীর বিরোধ প্রকাশ্যে আসে। মৌসুমী ও ওমর সানী নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তোলেন।

তাদের অভিযোগ ছিল, নাটক নির্মাণের কথা বলে মৌসুমীকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছিল। পরবর্তীতে সেই নাটকের কাজকেই সিনেমায় রূপ দেওয়া হয় বলে দাবি করেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নিয়ে তৈরি হয় নানা বিতর্ক।

এদিকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর শিল্পী জেবা জান্নাতের অভিযোগের পর সিনেমাটির সেন্সর সার্টিফিকেশন আটকে দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে মুক্তির পর দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এবং বক্স অফিসেও উল্লেখযোগ্য সাড়া পায়নি।

সেই বিতর্কিত অধ্যায়ের পর এবার নতুন সিনেমায় যুক্ত হয়েছেন মৌসুমী। এর মধ্য দিয়ে আবারও বড় পর্দার কাজে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।