চট্টগ্রামে ৬ ব্যান্ডের মিউজিক উৎসব
দেশের রক সংগীতপ্রেমীদের জন্য আয়োজন করা হচ্ছে বড় পরিসরের লাইভ মিউজিক উৎসব ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে বসবে এই সংগীতের মহাযজ্ঞ। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠেয় এ উৎসবে দেশের জনপ্রিয় কয়েকটি রক ব্যান্ড ও শিল্পী একই মঞ্চে পারফর্ম করবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের উৎসবে পারফর্ম করবে অর্থহীন, অ্যাভয়েডরাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ। দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে অর্থহীন, যা উৎসবটিকে রক সংগীতপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণীয় করে তুলেছে। সংগীত, শক্তি, আবেগ ও কমিউনিটির সম্মিলিত উদযাপন হিসেবে পরিকল্পিত এ আয়োজন।
আরও পড়ুন: ‘লেগো বিমান’ মন্তব্যে বিপাকে নোরা ফাতেহি, ৩০ মিলিয়ন রুপির মামলা
দর্শকদের জন্য থাকছে শক্তিশালী লাইভ পারফরম্যান্সের পাশাপাশি আধুনিক স্টেজ প্রোডাকশন, সাউন্ড ও লাইটিংয়ের আয়োজন। হাজারো সংগীতপ্রেমীর সঙ্গে একসঙ্গে রক সংগীত উদযাপনের অভিজ্ঞতাও মিলবে এই উৎসবে।
আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। দুপুর ২টায় গেট খোলা হবে এবং বেলা ৩টায় শুরু হবে অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হলেও অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।
আরও পড়ুন: এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না:বাঁধন প্রসঙ্গে পরীমনি
ইতিমধ্যেই কনসার্টটিকে ঘিরে শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম গেট সেট রকে টিকেট বিক্রিও শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য, ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’ শুধু একটি কনসার্ট নয়, বরং বাংলাদেশের লাইভ মিউজিক সংস্কৃতির বড় এক মিলনমেলা। যেখানে রক সংগীতের শক্তিশালী চেতনাকে উদযাপন করতে একত্রিত হবেন বিভিন্ন প্রজন্মের সংগীতপ্রেমীরা।





