বিশ বছর পর একসাথে অভিষেক-রানী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডে একসময় দর্শকদের অন্যতম পছন্দের জুটি ছিলেন অভিষেক বচ্চন ও রানী মুখোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর এবার ফের একসঙ্গে পর্দায় হাজির হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। শাহরুখ খানের আসন্ন বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এ দেখা যেতে পারে এই দুই তারকাকে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে বলিপাড়ায় জোর গুঞ্জন, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিষেক ও রানী।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত হচ্ছে বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার ‘কিং’। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এর অন্যতম আকর্ষণ শাহরুখ খানের সঙ্গে প্রথমবারের মতো একই ছবিতে তার মেয়ে সুহানা খানের অভিনয়। তবে শুধু বাবা-মেয়ের উপস্থিতিই নয়, সিনেমাটির তারকাবহুল কাস্টিংও তৈরি করেছে বাড়তি কৌতূহল।

আরও পড়ুন: মার্ভেলে ফিরছেন ডক্টর স্ট্রেঞ্জ

গুঞ্জন অনুযায়ী, ‘কিং’-এ অভিষেক বচ্চনকে একেবারেই ভিন্ন অবতারে দেখা যাবে। সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি এবং শাহরুখ খানের বিপরীতে প্রধান প্রতিপক্ষ হিসেবে পর্দায় হাজির হতে পারেন। ফলে দুই শক্তিশালী অভিনেতার মুখোমুখি লড়াই সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।

অন্যদিকে অভিষেকের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রানী মুখোপাধ্যায়কে দেখা যাওয়ার কথা শোনা যাচ্ছে। শুধু তাই নয়, তাদের দুজনকে জুটি হিসেবেও উপস্থাপন করা হতে পারে বলে বলিপাড়ায় আলোচনা চলছে। অর্থাৎ খলচরিত্রে থাকা অভিষেকের সঙ্গে রানীর একটি বিশেষ সম্পর্কের সমীকরণ দেখা যেতে পারে গল্পে। সিনেমার কাহিনিতে রানীর চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গল্পের গতিপথ পরিবর্তনেও তার চরিত্রের প্রভাব থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন: রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, যা বললেন মেয়ে

অভিষেক ও রানীর জুটি নিয়ে দর্শকদের আগ্রহের বড় কারণ তাদের দীর্ঘদিনের অনুপস্থিতি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাগা চুনারি মে দাগ’ ছিল এই জুটির শেষ সিনেমাগুলোর একটি, যেখানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর প্রায় দুই দশক ধরে বড় পর্দায় তাদের একসঙ্গে পাওয়া যায়নি।