‘প্রিয়ন্তী ইন প্যারিস’
এ সময়ের আলোচিত তরুণ অভিনেত্রীদের একজন প্রিয়ন্তী উর্বী। অভিনয়ের পাশাপাশি ভ্রমণও বেশ উপভোগ করেন তিনি। ব্যস্ততার ফাঁকে এবার তাই ছুটে বেড়াচ্ছেন ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে। লুক্সেমবার্গ, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড ঘুরে এবার তাঁর গন্তব্য ফ্রান্সের রাজধানী প্যারিস। সেখান থেকে আইফেল টাওয়ারের সামনে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভ্রমণের আনন্দঘন মুহূর্ত।
গতকাল রাতে প্যারিসের আইফেল টাওয়ার থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন প্রিয়ন্তী উর্বী। ছবিগুলোর সঙ্গে মজার ছলে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয়ন্তী ইন প্যারিস, হা হা।’
আরও পড়ুন: সজিব-রিমির ‘আদরে আদরে’
ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাঁকে। কখনো শহরের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কখনো খাবারের স্বাদ নিচ্ছেন। ভ্রমণের আনন্দ যেন ধরা পড়েছে প্রতিটি ছবিতেই। পোস্ট করার পরপরই ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যায়। এখন পর্যন্ত পোস্টটিতে সাত হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।
প্যারিসের আগে ইউরোপের আরও কয়েকটি দেশে ঘুরেছেন উর্বী। এর আগে লুক্সেমবার্গ থেকে নিজের বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন তিনি। তারও আগে জার্মানি থেকে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন। সেসব ছবিতে দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ও গন্তব্যে ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁকে।
আরও পড়ুন: নজরুলের চেতনায় দুই দিনব্যাপী নজরুল নৃত্য উৎসব
শুধু জার্মানি কিংবা লুক্সেমবার্গ নয়, নেদারল্যান্ডস থেকেও নিজের ভ্রমণের মুহূর্ত শেয়ার করেছেন এই অভিনেত্রী। ঘুরেছেন সুইজারল্যান্ডেও। সেখান থেকে প্রকাশ করা ছবিগুলোতেও ভক্ত-অনুসারীদের পাশাপাশি সহকর্মীদের শুভকামনা ও ভালোবাসা পেয়েছেন তিনি।
ভ্রমণের প্রতি উর্বীর ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। এর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপনের ইচ্ছার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘কালারফুল থাকতে চাই। আমি মানুষ হিসেবে খুব চঞ্চল। কাজ করব আর ঘুরে বেড়াব। এখনো ঘুরে বেড়ানোর সময় পাইনি। সময় বের করে ঘুরতে যাব।’
কাজের ব্যস্ততার মাঝেও এবার যেন সেই ইচ্ছাটাই পূরণ করছেন উর্বী। ইউরোপের একের পর এক দেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতার ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি। ফলে তাঁর ভ্রমণযাত্রার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন অনুরাগীরাও।
পড়াশোনা ও মডেলিং দিয়ে শুরু
প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। অভিনয়ে তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটকের মাধ্যমে। এরপর ধীরে ধীরে ছোট পর্দার পাশাপাশি ওটিটিতেও নিজের জায়গা তৈরি করেন তিনি।
ওটিটিতে পরিচিতি
২০২২ সালে চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্ত’-এর ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে অভিষেক হয় উর্বীর। এরপর ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’ ও ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিনেমা ও সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
নাটকেও নিয়মিত কাজ করেছেন এই অভিনেত্রী। বিশেষ করে ‘বুক পকেটের গল্প’ নাটকে অভিনয়ের পর দর্শকমহলে প্রশংসা পান তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র উপস্থিতি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় উর্বী।
ব্যক্তিজীবনে ২০২৪ সালে সালমান আহমেদকে বিয়ে করেন প্রিয়ন্তী উর্বী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ইউরোপ ভ্রমণের নানা মুহূর্ত উপভোগ করছেন এই অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক ছবিগুলো দেখে মনে হচ্ছে, এবারের সফরটি শুধু ভ্রমণ নয়, বরং নিজের মতো করে সময় কাটানোরও এক আনন্দময় উপলক্ষ হয়ে উঠেছে।





