হামজনিত শিশুমৃত্যু হাজার ছাড়াল
দেশে হাম পরিস্থিতির উদ্বেগজনক অবনতি অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যেও গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের এবং হাম উপসর্গে মৃত্যু হয়েছে ৯০২ জনের।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত ৯৯৭
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১১৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে।
আরও পড়ুন: হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৯৮
এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের মধ্যেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে।





