বগুড়ায় মাদক অভিযান জোরদারে চেম্বার অব কমার্সের মোটরসাইকেল উপহার
বগুড়ায় মাদক বিরোধী অভিযান ও মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্য্যক্রম আরো জোরদার ও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়াকে দুইটি মোটরসাইকেল উপহার দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গতকাল (২১শে অক্টোবর) বুধবার বগুড়া চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোটরসাইকেল দুইটির চাবি হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং চেম্বারের সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপি'র সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু। উক্ত অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুইটির চাবি তুলে দেয়া হয়।
এতে বক্তারা বলেন যে, মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীগন সহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। এছাড়াও মোটরসাইকেল দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের তদারকি, দ্রুত অভিযান পরিচালনা এবং মাদক বিরোধী কার্য্যক্রম আরো কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী নেতারা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাগন।





