মা হওয়াটা আমাকে খুব অস্থির করে তুলেছে: নেহা ধুপিয়া

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া জানিয়েছেন, মাতৃত্ব তাঁর আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কটিই বদলে দিয়েছে। পেশাগত জীবনে জয়-পরাজয় কিংবা সমালোচনা তাকে সহজে বিচলিত না করলেও সন্তানদের অসুস্থতা তাকে ভীষণ উদ্বিগ্ন করে তোলে।

সম্প্রতি আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আত্মবিশ্বাস অনেকটাই আসে নিজের স্বাচ্ছন্দ্য থেকে। পোশাক কিংবা কথা বলার ক্ষেত্রেও তিনি এমন কিছু করতে চান না, যাতে নিজেকে অস্বস্তিতে পড়তে হয়।

আরও পড়ুন: ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

তবে মাতৃত্বের পর তার এই আত্মবিশ্বাস অনেকটাই বদলে গেছে বলে জানান নেহা। তার ভাষায়, মা হওয়ার পর তিনি অনেক বেশি অস্থির হয়ে পড়েছেন। বিশেষ করে সন্তানদের জ্বর বা অসুস্থতার মতো পরিস্থিতি তাঁকে ভীষণভাবে বিচলিত করে।

নেহা বলেন, জীবনের নানা প্রতিকূলতা, সাফল্য কিংবা ব্যর্থতা তাঁকে আগে কখনো খুব একটা প্রভাবিত করেনি। জেতা-হারা, ঠিক-ভুল কিংবা অন্যের মতামত নিয়ে তিনি বরাবরই স্বচ্ছন্দ ছিলেন। তাঁর বিশ্বাস, জীবন খুব ছোট—তাই অযথা এসব নিয়ে দুশ্চিন্তা করার কোনো অর্থ নেই।

আরও পড়ুন: পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’

কিন্তু সন্তানদের ক্ষেত্রে সেই আত্মবিশ্বাস আর কাজ করে না। নেহার কথায়, ‘আমি শুধু ভাবি, আশা করি আমার বাচ্চারা ভালো আছে।’ এমনকি সাক্ষাৎকার দেওয়ার সময়ও তাঁর চিন্তার বড় একটি অংশজুড়ে থাকে সন্তানদের কথা।

সন্তানদের দেখাশোনায় স্বামী অভিনেতা অঙ্গদ বেদির সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন নেহা। তার অনুপস্থিতিতে সন্তানদের দায়িত্ব সামলানোর জন্য স্বামীকে কৃতিত্ব দিয়ে অভিনেত্রী বলেন, অসুস্থ সন্তানকে সামলানোর ক্ষেত্রে অঙ্গদ তাকে অনেকটাই ভরসা দেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালের মে মাসে ব্যক্তিগত এক অনুষ্ঠানে অঙ্গদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া। একই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়। এরপর ২০২১ সালে তাদের পরিবারে আসে দ্বিতীয় সন্তান গুরিক। ‘রোডিস রিবার্থ’-এর ২০তম সংস্করণে গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে নেহাকে।