এসএসসি-সমমানের খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে যুবক, আটক করলো শিক্ষার্থীরা

এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অর্থাৎ, শুধু উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের মধ্যেই এবার পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া সীমাবদ্ধ রাখা হয়নি। আবেদন করা খাতাগুলো পুনরায় মূল্যায়নও করা হয়েছে।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো। পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হতো না। এবার সেই প্রক্রিয়ায় পরিবর্তন এনে আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে।

আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশের পর আবেদনকারী শিক্ষার্থীরা তাদের পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন।