প্রয়াণ দিবসে জুবিন গার্গের নতুন গান, সঙ্গে বাংলাদেশের রত্না

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৫ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রয়াণ দিবসে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরলেন প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ। ‘ফেলে আসা’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর বিশেষ এই দিনেই গানটি প্রকাশ করা হয়েছে।

গত বছরের এই দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন জনপ্রিয় এই শিল্পী। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতার কাছে জুবিন গার্গের গান বরাবরই জনপ্রিয়।

আরও পড়ুন: আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা

‘ফেলে আসা’ গানটির কথা লিখেছেন কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন। সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য। গানটির ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। চিত্রগ্রহণে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছেন রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।

আরও পড়ুন: ‘ইত্যাদি’ এবার নকশিকাঁথার জামালপুরে

প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান রত্না সাহা। জুবিনের গান শুনে বেড়ে ওঠা রত্নার কাছে প্রিয় এই শিল্পীর সঙ্গে গান গাওয়া ছিল দীর্ঘদিনের স্বপ্ন। একসময় সেই স্বপ্ন পূরণ হলেও গানটি প্রকাশের আগেই মৃত্যুবরণ করেন জুবিন গার্গ।

গানটি নিয়ে রত্না সাহা বলেন, তিনি সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। জুবিন গার্গের গান শুনেই বড় হয়েছেন তিনি। তার সঙ্গে গান গাওয়ার স্বপ্ন পূরণ হলেও শিল্পী বেঁচে থাকলে এ সময় তার অনুভূতি জানতে পারতেন—এটি তার কাছে বড় আক্ষেপ। তবে জুবিন গার্গের রেখে যাওয়া এই গানকে নিজের সংগীতজীবনের অন্যতম বড় পাওয়া বলে মনে করেন রত্না।

ফরিদপুরে জন্ম নেওয়া রত্না সাহার সংগীতের সঙ্গে পরিচয় ছোটবেলা থেকেই। মায়ের কণ্ঠে ভজন, কীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক গান শুনতে শুনতেই সংগীতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। মাকেই নিজের প্রথম সংগীতগুরু মনে করেন তিনি।

২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্না সাহা। এরপর একক ও দ্বৈত—দুই ধরনের গানেই নিজের অবস্থান তৈরি করছেন তিনি। এ পর্যন্ত তার কণ্ঠে ৫৬টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। আকাশ সেন, কাজী শুভ ও মাহতিম শাকিবের মতো শিল্পীদের সঙ্গেও গান করেছেন তিনি।

‘ফেলে আসা’ গানটি ইউটিউবে রত্ন সাহার নিজস্ব চ্যানেল ‘রত্না সাহা’ থেকে প্রকাশ করা হয়েছে।