তানজিন তিশার রাজকীয় লুক, লাল বেনারসিতে মুগ্ধ ভক্তরা
অভিনয় ও সৌন্দর্যে বরাবরই ভক্তদের নজরে থাকেন অভিনেত্রী তানজিন তিশা। নানা বিষয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রাজকীয় সাজে নিজেকে ফ্রেমবন্দি করে সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। ছবিগুলোতে তাকে দেখা যায় আগুনরাঙা লাল বেনারসিতে। সঙ্গে ছিল মানানসই গহনা, হাতে স্টাইলিশ পার্স এবং খোপায় সাদা ফুলের সাজ। সব মিলিয়ে ঐতিহ্যবাহী পোশাকে বেশ রাজকীয় আবহে ধরা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: অভিনেত্রীকে দেখতে ভক্তদের ঢল, ভিড়ের চাপে ভাঙল গাড়ির কাচ
হোটেলের ভেতরে ধারণ করা ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তিশাকে। কখনো স্নিগ্ধ হাসি, কখনো আবেদনময়ী দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন তিনি। কালো আবহের ব্যাকগ্রাউন্ডে লাল বেনারসির সাজ আরও বেশি নজর কেড়েছে।
ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে তা নিয়ে বেশ সাড়া পড়ে। তিশার সাজ ও ফ্যাশন স্টাইলের প্রশংসা করে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’
আরও পড়ুন: ‘ভয়েস অব বাংলাদেশ’ হওয়ার দৌড়ে সেরা ১০ জন
পর্দায় সাবলীল অভিনয়ের জন্য পরিচিত তানজিন তিশার কাজের ব্যস্ততা অবশ্য আগের তুলনায় কিছুটা কমেছে। সর্বশেষ গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অভিনেত্রী।
এদিকে পুরোনো একটি বিতর্ককে কেন্দ্র করে সম্প্রতি আইনি জটিলতায়ও পড়েছিলেন তানজিন তিশা। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে জামিন পান এই অভিনেত্রী।





