আজ অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন
কখনো হাসির চরিত্রে, কখনো গভীর আবেগের গল্পে—বহু বছর ধরে দর্শকের ঘরের মানুষ হয়ে আছেন জাহিদ হাসান। ছোট পর্দা থেকে বড় পর্দা, নানা ধরনের চরিত্রে নিজের অভিনয়গুণের স্বাক্ষর রেখেছেন তিনি। সময় বদলেছে, বদলেছে নাটকের ধরনও; তবে ক্যামেরার সামনে জাহিদ হাসানের উপস্থিতির সেই দাপট এখনো অটুট।
আজ ৪ অক্টোবর, এই গুণী অভিনেতার জন্মদিন। জীবনের ৬০ বছরে পা দিয়ে জাহিদ হাসান এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার কথাই ভাবছেন না, ফিরে দেখছেন পেছনের দিনগুলোও। জীবনের নানা ভুল, পাওয়া-না পাওয়া এবং মানুষের মনে কখনো অনিচ্ছায় কষ্ট দেওয়ার বিষয়গুলো নিয়েও তার উপলব্ধি তৈরি হয়েছে।
আরও পড়ুন: আইসিইউতে ‘গেরিলা’ অভিনেতা
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীতের ভুল নিয়ে জাহিদ হাসান বলেন, ‘জীবনে অনেক ভুল করেছি। মানুষ ভুল করবে, সেটাই স্বাভাবিক। আমিও মানুষ। বিগত দিনের ভুলের জন্য কিংবা কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত। আগামী জীবনটা যেন মানুষের জন্য কিছু করতে পারি। জীবনটা যেন মানুষের কাজে আসে।’
জীবনের এই পর্যায়ে এসে তার চাওয়া খুব বেশি কিছু নয়—সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকা। দীর্ঘদিন ধরেই মানুষের সঙ্গে মিলেমিশে চলার কথা বলে আসছেন এই অভিনেতা। এখন সেই ভাবনাই যেন আরও গভীর হয়েছে। জাহিদ হাসানের ভাষায়, ‘আমি সব সময় চেয়েছি, সবাইকে নিয়ে ভালো থাকতে। সেই চেষ্টা এখন আরও বেশি। আমার কাছে মনে হয়, সবাইকে নিয়ে এগোনোর চিন্তা করলে দেশেরও উন্নতি হবে।’
আরও পড়ুন: ‘পুষ্পক বিমানম’ নির্মাতার প্রয়াণ
অভিনয়ের স্বপ্নকে সঙ্গী করেই আশির দশকের শেষদিকে ঢাকায় পা রাখেন জাহিদ হাসান। নতুন শহরে তখন পরিচিতি ছিল না, ছিল না প্রতিষ্ঠিত কোনো জায়গাও। ছিল শুধু অভিনয় করার প্রবল ইচ্ছা। সেই স্বপ্ন পূরণের পথটাও সহজ ছিল না।
ধীরে ধীরে নাটকের জগতে নিজের জায়গা তৈরি করেন তিনি। একের পর এক নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। সময়ের সঙ্গে তার অভিনয়ের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জনপ্রিয়তাও।
দীর্ঘ পথ পেরিয়ে আজ জাহিদ হাসান নিজেই বাংলা অভিনয়জগতের একটি পরিচিত নাম। অসংখ্য চরিত্রে অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। অভিনয়ের সেই দীর্ঘ যাত্রায় পাওয়া সাফল্যের পাশাপাশি ভুল-ভ্রান্তিগুলোকেও স্বীকার করে নেওয়ার মানসিকতাই যেন তার ৬০তম জন্মদিনে নতুন এক উপলব্ধির কথা বলে।
ষাটে পা দিয়েও থেমে যাওয়ার কোনো ইঙ্গিত নেই। বরং সামনে থাকা দিনগুলো মানুষের জন্য কিছু করার এবং ভালোভাবে বাঁচার ইচ্ছাতেই কাটাতে চান এই অভিনেতা।





