‘অকালে চলে গেলেন আমার হিরো অভিনেতা’: নানা পাটেকরকে শাহরুখ খান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪১ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রবীণ অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সহকর্মীর পাশাপাশি নানা পাটেকরকে নিজের পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক ও বন্ধু হিসেবে স্মরণ করেছেন তিনি। তাদের একসঙ্গে কাজের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতার সঙ্গে ক্যারম খেলার কথাও তুলে ধরেছেন শাহরুখ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন একটি পোস্ট দেন শাহরুখ খান। সেখানে তিনি জানান, নানা পাটেকরের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি বেশ অস্বস্তিতে ছিলেন। তবে প্রথম সাক্ষাতেই নানা তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্পষ্টভাষী আচরণ করেছিলেন। শাহরুখ লেখেন, প্রথমবার নানার সঙ্গে দেখা হওয়ার সময় তিনি নিজের চুল নিয়ে নাড়াচাড়া করছিলেন। তখন নানা তাঁর হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘হিরোর মতো চুল বানিও না,তুই একজন অভিনেতা।’

আরও পড়ুন: বয়স যেন শুধুই সংখ্যা, মোহময়ী জয়া আহসান

নানার স্পষ্টবাদী স্বভাবের কথাও স্মরণ করেছেন শাহরুখ। তাঁর ভাষ্য, নানা কখনো কাউকে খুশি করার জন্য কথা বলতেন না। বরং মানুষ যা শুনতে চায়, তার বদলে যা শোনা প্রয়োজন, সেটিই বলতেন। রুক্ষ অথচ সৎ স্বভাবের আড়ালে নানার মধ্যে গভীর স্নেহ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

শাহরুখ আরও জানান, নানা ছিলেন তাঁর পথপ্রদর্শক, শিক্ষক, সমালোচক ও বন্ধু। দুজনের ক্যারম খেলার স্মৃতিও তাঁর কাছে বিশেষ হয়ে আছে। নানাকে ‘অপরাজেয় ক্যারম চ্যাম্পিয়ন’ উল্লেখ করে শাহরুখ বলেন, তিনি একের পর এক খেলায় সবাইকে হারিয়ে নিজের জয় উপভোগ করতেন।

আরও পড়ুন: প্রকাশ পেল ‘প্রেমের সমাধি ২.০’

নানার সঙ্গে আরও সময় কাটাতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন শাহরুখ। আরেকটি তর্ক, এক কাপ চা কিংবা আরেকটি ক্যারম খেলার সুযোগ থাকলে ভালো লাগত—এমন কথাও লিখেছেন তিনি। শ্রদ্ধাঞ্জলিতে শাহরুখ বলেন, নানার তীব্রতা, হাসি, পাগলামি ও ভালোবাসা তাঁকে চেনা মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। তাঁর কথাগুলোও নিজের হৃদয়ে আমৃত্যু ধারণ করবেন বলে জানান অভিনেতা। শাহরুখ তাঁর পোস্টের শেষদিকে নানাকে একজন অসাধারণ অভিনেতা ও অপরাজেয় ক্যারম চ্যাম্পিয়ন হিসেবে স্মরণ করে লেখেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন আমার হিরো অভিনেতা।’

উল্লেখ্য, আজিজ মির্জা পরিচালিত ১৯৯২ সালের রোমান্টিক কমেডি ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন শাহরুখ খান ও নানা পাটেকর। পরে ২০০২ সালের ‘শক্তি: দ্য পাওয়ার’ সিনেমাতেও তাঁদের একসঙ্গে দেখা যায়। গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে নানা পাটেকর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।