দেবের পরবর্তী ছবিতে জিৎ, নায়িকা কি শুভশ্রী?
পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন দেব। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’-এর ঝলক প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টালিউডের একাধিক তারকা। তবে অনুষ্ঠানে জিৎ-এর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। দেবের পরবর্তী ছবিতে কি নায়ক হিসেবে দেখা যাবে জিৎ-কে? আর তাঁর বিপরীতে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়?
গেল বৃহস্পতিবার নজরুল মঞ্চে আয়োজিত ‘দেশু ৭’-এর ঝলক প্রকাশের অনুষ্ঠানে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেখানে জিৎ-এর উপস্থিতি দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। এ সময় দেব ঘোষণা করেন, ‘দেশু ৭’ সফল হলে তাঁর পরিচালিত পরবর্তী ছবিতে নায়ক হিসেবে দেখা যেতে পারে জিৎ-কে।
আরও পড়ুন: স্বাভাবিক লুকে হাজির আমির খান
দেবের এই ঘোষণার পরই মজার ছলে নিজের ইচ্ছার কথা জানান ‘দেশু ৭’-এর নায়িকা শুভশ্রী। তিনি বলেন, “আমি তাহলে নায়িকা হব।” জবাবে দেব জানান, নিজের পরিবর্তে অন্য কোনও নায়ককে শুভশ্রীর বিপরীতে দেখতে চাইলে তাঁর পছন্দ জিৎ।
দেবের প্রস্তাবে আশাবাদী জিৎ-ও। ‘দেশু ৭’ সফল হবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, ছবিটি সফল হলে দেবের পরবর্তী পরিচালনায় অভিনয় করবেন। তবে বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়েই রয়েছে।
আরও পড়ুন: ‘৯৬’ সিনেমায় তৃষার বদলে জ্যোতিকাই কি ছিলেন পরিচালকের প্রথম পছন্দ?
জিৎ ও শুভশ্রীর জুটি অবশ্য দর্শকদের কাছে নতুন নয়। এর আগে ‘বস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ফলে ভবিষ্যতে দেবের পরিচালনায় এই জুটিকে আবারও পর্দায় দেখার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার ও রজতাভ দত্তসহ আরও অনেকে। ছবিতে সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের গানও রয়েছে। অনুষ্ঠানে তিনি দেবের পরিশ্রমের প্রশংসা করেন। অন্যদিকে, উপস্থিত থাকতে না পারলেও হাতে লেখা চিঠির মাধ্যমে দেবকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এখন দেখার, ‘দেশু ৭’-এর সাফল্যের পর দেবের পরবর্তী পরিচালনায় সত্যিই জিৎ-শুভশ্রী জুটিকে দেখা যায় কি না।





