কেন রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের?
বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি পুরোনো মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত ‘রাখি কা ইনসাফ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানকে কেন্দ্র করে। ঝাঁসির প্রেম নগরের বাসিন্দা লক্ষ্মণ স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাখি সাওয়ান্ত।
আরও পড়ুন: ভাইরাল হওয়ার জন্য কখনো মানহীন কাজ করব না: তাসনুভা তিশা
অভিযোগ, অনুষ্ঠানে লক্ষ্মণকে উদ্দেশ করে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। এমনকি তাকে ‘নপুংসক’ বলেও কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর ফলে লক্ষ্মণ মানসিকভাবে বিপর্যস্ত হন এবং সামাজিক হেনস্থার শিকার হন বলে দাবি করা হয়। ২০১০ সালের নভেম্বর মাসে তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর পর তার মা সাবিত্রী প্রেম নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত ‘রাখি কা ইনসাফ’-এর একটি পর্বে তার ছেলেকে নিয়ে অপমানজনক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতের শিল্পী ইমনকে চরম হেনস্তা
এ ঘটনায় রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা করা হয়।
মামলার পরবর্তী প্রক্রিয়ায় রাখিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু একাধিকবার নোটিশ পাঠানোর পরও তিনি আদালতে হাজির হননি বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।





