হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬

মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাবকে চিহ্নিত করা হচ্ছে। আক্রান্ত শিশুদের মাধ্যমে দ্রুত অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শয্যা সংকটের কারণে অনেক ক্ষেত্রে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সঙ্গে রাখতে হচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চিকিৎসা শেষে ১৬ হাজার ৫২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে এবং চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।