ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ সম্মাননা আয়োজন ‘গরবিনী মা-২০২৬’। এ বছর ত্রয়োদশবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মায়েদের সম্মাননা প্রদান করা হয়।

রোববার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ মৃত্যু, আক্রান্ত ৭ হাজার ছাড়াল

অনুষ্ঠানের শুরুতে সমাজকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “একটি শিশুর প্রথম পাঠশালা যেমন তার মা, তেমনি জীবনের কঠিনতম সময়ে তার শেষ আশ্রয়ও মা। মায়ের এই নিরন্তর ত্যাগের প্রতিদান কখনও পূরণ করা সম্ভব নয়।”

আরও পড়ুন: সেই অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

তিনি উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি এমন সামাজিক উদ্যোগ আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১১ জন বিশিষ্ট ব্যক্তির মাকে ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। প্রশাসন, আইন ও বিচার, আইন-শৃঙ্খলা, শিক্ষা, সাংবাদিকতা, চিকিৎসা, প্রকৌশল, সংগীত ও অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মায়েদের উত্তরীয়, মেডেল, সম্মাননা ক্রেস্ট, ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ২০১৪ সাল থেকে ‘গরবিনী মা’ সম্মাননা আয়োজন করা হচ্ছে। এটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ হিসেবে পরিচালিত হয়ে আসছে।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার। অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।