দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২০৫

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল, আর বাকি তিনজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন এবং সন্দেহজনক হাম বা উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৩৬ শিশু সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

আরও পড়ুন: শিশু আভানের মৃত্যু: চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের

অন্যদিকে, একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ২৬০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ১৪২ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন।