আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিলের সতর্কতা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষকে এ নির্দেশ দেওয়া হয়। নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে (৭ জুন বিকেল ৪টার মধ্যে) লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা মেডিকেল কলেজে সফল কিডনি প্রতিস্থাপন: পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক

নোটিশে উল্লেখ করা হয়, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী হাসপাতাল পরিচালনায় বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না—তা ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২০৫

তদন্ত চলাকালে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, কর্মচারী, রোগীর স্বজনসহ বিভিন্ন পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল পরিচালনায় বিধি লঙ্ঘন ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে এসেছে বলে জানা গেছে।

প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত আইনের ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।