আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত যৌথ আলোচনার ভিত্তিতে এ ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালনকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১,২৮৭
তিনি জানান, ক্ষতিপূরণের পাশাপাশি পূর্বে ঘোষিত অন্যান্য সুবিধাও ভুক্তভোগী পরিবারগুলোর জন্য বহাল থাকবে।
এর আগে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ নিহত নবজাতকদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা কর্মসূচি ঘোষণা করে। এসব সুবিধার মধ্যে রয়েছে আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা সহায়তা এবং যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
হাসপাতাল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারের বাবা-মা, ভাই-বোন ও সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ওষুধ ব্যতীত অন্যান্য সব ধরনের চিকিৎসাসেবা আজীবন বিনামূল্যে পাবেন।
এ ছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা সাপেক্ষে বিনা বেতনে পড়াশোনার সুযোগ থাকবে। মেডিকেল কলেজসহ অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি অথবা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রাখা হবে।
পাশাপাশি পরিবারের সদস্যদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আদ্-দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নবজাতকদের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।





