হামের সংক্রমণ বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ২:১৭ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়তে থাকা হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও প্রাণঘাতী এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত তিন মাসে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫২ জনে পৌঁছেছে।

আরও পড়ুন: শিশু আভানের মৃত্যু: চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে মোট ৮৫ হাজার ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩২৩ জন।

এদিকে হামের প্রকোপে হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।