সিএনএন রিপোর্ট

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান!

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

সংশ্লিষ্ট সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। তবে গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী, এটি এখনই হামলা চালানোর প্রস্তুতি নয়; বরং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নিজেদের হাতে বিকল্প রাখার একটি প্রচেষ্টা। পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতামূলক প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে বর্তমানে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

মার্কিন কর্মকর্তাদের মতে, দেশটির ওপর চলমান সামরিক হামলা এবং অর্থনৈতিক অবরোধের মুখে ইরানের এমন পরিকল্পনা সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। তবে হামলা বাস্তবায়নের মতো লোকবল ইরানের রয়েছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স

এদিকে ইরানের সঙ্গে সংঘাত অবসানে কূটনৈতিক আলোচনা চললেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে নতুন গোয়েন্দা তথ্যের পর সম্ভাব্য হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তৎপরতা বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে এ হুমকি মোকাবিলায় মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। এর আগে ইরানের হুমকির কারণে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

যুক্তরাষ্ট্রে আগে থেকেই বিস্ফোরক উপকরণ থাকার আশঙ্কা

মার্কিন গোয়েন্দারা ইরানের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এমন কথোপকথনের তথ্য পেয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

কর্মকর্তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে আগে থেকেই তেজস্ক্রিয় পদার্থ বা রাসায়নিক উপাদান মজুত থাকতে পারে। এ ধরনের হামলা চালাতে ইরানকে সরাসরি প্রশিক্ষিত হামলাকারী পাঠানোর প্রয়োজন নাও হতে পারে। দেশটিতে বসবাসকারী কাউকে ব্যবহার করেও হামলা চালানোর চেষ্টা করা সম্ভব।

‘ডার্টি বোমা’ মূলত প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি করা হয়। এটি পারমাণবিক বোমার মতো নয়। পারমাণবিক বোমার মতো ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে না পারলেও বিস্ফোরণের মাধ্যমে আশপাশের এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় প্রাণহানির প্রধান কারণ হতে পারে বিস্ফোরণ; তেজস্ক্রিয়তার প্রভাব নয়।

এক মার্কিন সূত্রের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার জন্য নয়, বরং আতঙ্ক ছড়ানোর জন্য ব্যবহার করা হয়। এতে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে এবং নির্দিষ্ট কিছু এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিয়েও উদ্বেগ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, এ ধরনের হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ নেই। এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি ঘিরে সংঘাত, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি।

এক আঞ্চলিক সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ। তবে ইরানের কট্টরপন্থি গোষ্ঠী বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো পক্ষ সংঘাত অব্যাহত রাখতে হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরানকে পাল্টা জবাবের মুখে পড়তে হবে। তবে ইরানি নেতৃত্ব যদি মনে করে তাদের সরকারের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা এমন ঝুঁকি নেওয়ার কথা বিবেচনা করতে পারে।

সূত্র: সিএনএন