পেরুতে শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৯

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির মধ্যাঞ্চল কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়নি। শনিবার (২১ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

আরও পড়ুন: ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা জানায়নি ভারত

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার গভীরে। গভীর ভূমিকম্প হওয়ায় এর প্রভাব ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, পর্যবেক্ষণ কিংবা ঝুঁকিসংক্রান্ত ঘোষণা জারি করা হয়নি।

আরও পড়ুন: ওডিশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ভূমিকম্পের পরপরই কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।