প্রধানমন্ত্রীর পদে ফিরছেন শাহবাজ শরিফ
নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল পাকিস্তানের জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।
পাকিস্তানের একটি টিভি জানিয়েছে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ করে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন। যদিও এতদিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হচ্ছিল। এদিন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থীরও নাম ঘোষণা করা হয়। সেখানে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন নওয়াজ।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩
মঙ্গলবার রাতেই ইসলামাবাদে দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এ সময় শাহবাজ শরিফও একই কথা বলেন। এই দলগুলোই দুই বছর আগে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল।
নির্বাচনের পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর রোববার (১১ ফেব্রুয়ারি) লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসায় দুই দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে দুই দলই জানায়, পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঐকমত্যে পৌঁছেছে তারা। তবে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছিল আলোচনা। প্রথমদিকে পিপিপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে চাওয়া হচ্ছিল।
আরও পড়ুন: ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৫, নিখোঁজ শত শত পর্যটক
এসব বিষয় নিয়ে গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ও গতকাল পিপিপির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। পরে গতকাল বিলাওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, তিনি নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নিচ্ছেন। কেন্দ্রে পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবেন তারা। তবে সরকারে থাকবেন না। কেন্দ্রে মন্ত্রিসভায় থাকার ইচ্ছাও নেই তাদের। তার ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই রাতে বৈঠকে বসেন পিএমএল-এন, পিপিপি, এমকিউএম-পি ও পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের (পিএমএল-কিউ) নেতারা। ওই বৈঠক শেষে জোট সরকার গঠনের ঘোষণা দেয়া হয়। সূত্র: জিও টিভি





