ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০১ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান পূর্ণ ৩০ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ আকাশে চাঁদ দৃশ্যমান হবে না। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন: হঠাৎ কেন ভয়াবহ যুদ্ধে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান

স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউম-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে।

তিনি আরও জানান, ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন: বলিভিয়ায় টাকা ভর্তি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

ইব্রাহিম আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বৈজ্ঞানিক এই তথ্যের ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

তবে বরাবরের মতোই চূড়ান্ত ঘোষণা আসবে সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় প্রক্রিয়া ও পর্যবেক্ষণ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

সূত্র: গালফ নিউজ