ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার হিজবুল্লাহর

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবানন থেকে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে রকেট হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অব্যাহত ইসরায়েলি হামলা ও নেতা-কর্মীদের ওপর গুপ্তহত্যার ঘটনায় নিজেদের রক্ষা করার অধিকার তাদের রয়েছে এবং যথাসময়ে সেই অধিকার প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের সরতে বলল ইসরায়েল

বাংলাদেশ সময় সোমবার ভোরে লেবানন থেকে হাইফা লক্ষ্য করে একাধিক রকেট ছোড়া হয়। হামলার পরপরই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করে প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর এই প্রথম লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের ঘটনা ঘটল।

আরও পড়ুন: ‘বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ’

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এ হামলাকে ‘দায়িত্বহীন’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ লেবানন ও দেশটির জনগণের নিরাপত্তাকে আরও বড় সংকটে ফেলতে পারে।