ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে দেশটির ৩ হাজার ১০০টিরও বেশি শহরে ‘নো কিংস’ বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। শনিবারের এ বিক্ষোভে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক জনসমাগম দেখা গেছে, পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন।

আয়োজকদের দাবি, ট্রাম্পের নীতিমালা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামা থেকে ওয়াইমিং—দেশটির বড় শহর, শহরতলি ও ছোট শহরগুলোতে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জেএনজি আন্দোলনে এবার উত্তাল ফ্রান্স থেকে আর্জেন্টিনার ৮ দেশ

বিক্ষোভ হয়েছে মিনিয়াপোলিস, বোস্টন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও সিয়াটলসহ বিভিন্ন শহরে। এর মধ্যে ফিলাডেলফিয়া-তে সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নিয়ে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্যই মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছে। তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়—এই নীতিই এখন পরীক্ষার মুখে।”

আরও পড়ুন: হুতিদের ঠেকাতে সৌদির পক্ষে যুদ্ধে নামছে আরব আমিরাত

এদিকে, যুক্তরাষ্ট্রের বাইরে ইতালি, ফ্রান্স, জার্মানি ও স্পেন-এও ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে একই দাবিতে সংহতি প্রকাশ করে।

বিক্ষোভে অংশ নিয়ে উপস্থাপিকা পদ্মা লক্ষ্মী বলেন, জনগণ এখন ভয়কে প্রত্যাখ্যান করে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা দাবি করছে।

উল্লেখ্য, গত বছরও ‘নো কিংস’ ব্যানারে বড় আকারের বিক্ষোভ হয়েছিল। বিশ্লেষকদের মতে, চলমান অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই এবারের আন্দোলন আরও বিস্তৃত রূপ নিয়েছে।