নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ফকির সাবেক সেনাসদস্য ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে ওই এলাকায় অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি খন্দকার শাকের আহমদ জানান, হামলাকারীরা আলিফ ফকিরকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তদন্ত ও আলামত সংগ্রহের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে, এ হত্যাকাণ্ডের পর স্থানীয় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।