প্রশাসনের নির্দেশনা অমান্য
উলিপুরে সরকারি জায়গায় জেনারেটর আবার চালু, জনভোগান্তি চরমে
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের কড়া হুঁশিয়ারি ও উচ্ছেদ অভিযান সত্ত্বেও সরকারি জায়গায় পুনরায় নিষিদ্ধ সেই উচ্চশব্দ সৃষ্টিকারী জেনারেটর চালু করা হয়েছে। প্রশাসনের দেওয়া নির্দেশনা অমান্য করে জেনারেটর চালু করায় পুনরায় তীব্র শব্দ ও বায়ুদূষণের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উলিপুরের প্রাণকেন্দ্রে একটি সরকারি জায়গায় জেনারেটর বসিয়ে স্থায়ী কক্ষ নির্মাণের চেষ্টা করা হলে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। সে সময় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়, জেনারেটরের পরিচালনা বন্ধ করে সংশ্লিষ্টদের জিম্মায় রাখা হয় এবং ভবিষ্যতে জেনারেটর চালু করলে মোবাইল কোর্টের মাধ্যমে মেশিন জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
তবে প্রশাসনের এই অভিযানের মাত্র কয়েক দিনের ব্যবধানে কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা তোয়াক্কা না করেই জেনারেটরটি আবারও চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিকট শব্দ ও ধোঁয়ার কারণে আশপাশের পরিবেশে মারাত্মক ভোগান্তি তৈরি হচ্ছে। প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম অমান্য করায় চরম অসন্তোষ বিরাজ করছে সচেতন মহলে।
ঘটনাটি স্থানীয় সুশীল সমাজ ও বাসিন্দাদের চরম হতাশ করেছে। তারা জানান, প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও, অসাধু চক্রটির এমন আইন অমান্য করার মানসিকতায় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের মন্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেনারেটর চালু করার বিষয়টি আমি কিছু জানি না।’





