সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এ সময় যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
পরে একই দিন সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। এর মধ্যেই পর্যটকদের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন।





