আইসিইউতে ‘গেরিলা’ অভিনেতা
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন অভিনেতা কামাল বায়েজীদ। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনয়শিল্পী সংঘের এই সদস্য। কামাল বায়েজীদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নাটক ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
অভিনয়শিল্পী সংঘের কয়েকজন সদস্য ও তার ঘনিষ্ঠ সহকর্মীরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের পর শারীরিক অবস্থার অবনতি হলে কামাল বায়েজীদকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সহকর্মীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই কামাল বায়েজীদের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ এবং থিয়েটার অঙ্গনের সহকর্মীরা।
আরও পড়ুন: আজ অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন
চার দশকের অভিনয়জীবন
চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন কামাল বায়েজীদ। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। বড় পর্দায় ‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। এসব সিনেমায় তার অভিনয় দর্শকের পাশাপাশি চলচ্চিত্রাঙ্গনেও প্রশংসা পেয়েছে। টেলিভিশনেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। বিবিসি জানালার জনপ্রিয় অনুষ্ঠান ‘মজায় মজায় শেখা’-তে ‘কামাল’ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে পরিচিতি পান তিনি।
আরও পড়ুন: ‘পুষ্পক বিমানম’ নির্মাতার প্রয়াণ
দীর্ঘ অভিনয়জীবনে নিজের কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার অসুস্থতার খবরে এখন তার সুস্থতার অপেক্ষায় সহকর্মী ও ভক্তরা।





