গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
গড় আয়ুর হিসাবে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতের ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত নতুন তথ্যে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের গড় আয়ু, সুস্থ গড় আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের বোঝার চিত্র তুলে ধরা হয়েছে।
তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে গড় আয়ুতে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে ভালো। তবে উন্নত দেশগুলোর তুলনায় এখনো পিছিয়ে রয়েছে দেশটি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর। অন্যদিকে, কানাডার গড় আয়ু ছিল ৮১ দশমিক ৪ বছর।
আরও পড়ুন: আইকাও’র সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে প্রশিক্ষণ সম্পন্ন
গড় আয়ু বাড়া জনস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হলেও দীর্ঘ জীবন মানেই সুস্থ জীবন নয়। একজন মানুষ গড়ে কত বছর বাঁচছেন, তার পাশাপাশি কত বছর রোগ বা শারীরিক অক্ষমতা ছাড়া জীবন কাটাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে ভারতের সুস্থ গড় আয়ুর পরিবর্তনও উঠে এসেছে। ২০১৯ সালে দেশটির সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৫ বছর। ২০২১ সালে তা কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে আসে। পরে ২০২২ সালে বেড়ে ৬০ দশমিক ২ বছর এবং ২০২৩ সালে ৬০ দশমিক ৬ বছরে পৌঁছায়।
আরও পড়ুন: কুরবানি কাদের ওপর ওয়াজিব? জেনে নিন নেসাব
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেছেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের গড় আয়ু বাড়ানো বড় অর্জন। তবে পরবর্তী চ্যালেঞ্জ হলো, মানুষ যেন সুস্থ শরীরে আরও বেশি বছর বাঁচতে পারে। অর্থাৎ শুধু আয়ু বাড়ানো নয়, দীর্ঘ জীবনে মানুষের সুস্থতা নিশ্চিত করাও জনস্বাস্থ্য ব্যবস্থার অন্যতম লক্ষ্য হওয়া প্রয়োজন।





