নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাগরিকদের জানমাল ও শান্তির নিরাপত্তা নিশ্চিত করতে কোনো সরকার ব্যর্থ হলে তার ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে সক্ষম নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কথাও বলেছেন তিনি। রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে গেছে। তার অভিযোগ, জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং অন্য পক্ষকেও ভালো কাজ করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগেরও নিন্দা জানান জামায়াতের আমির। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে তিনি ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেন।

ডা. শফিকুর রহমানের দাবি, মেজর আখতারুজ্জামান কারও ওপর চড়াও হননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। তিনি বলেন, মেজর আখতারুজ্জামান শুধু জামায়াতে ইসলামীর প্রতিনিধি নন, বরং দেশের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের কণ্ঠস্বর। এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে বিএনপি সভাপতির অডিও ফাঁস

আইন প্রয়োগে দ্বিমুখী আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে নির্মম আচরণ করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকা বিভিন্ন পর্যায়ে চুরি ও লুটপাট হতে থাকলে মানুষ আর নীরব থাকবে না।

স্বাস্থ্যসেবার দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। সাধারণ নাগরিকদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন।

চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ বলে উল্লেখ করেন জামায়াতের আমির। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এবং মানুষের জীবন রক্ষায় দলটির পক্ষ থেকে মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানান তিনি।

সরকার নিষ্ক্রিয় থাকলে ‘ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে’ বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। নাগরিকদের মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিকল্প নেতৃত্ব সামনে আসবে বলেও সতর্ক করেন তিনি।