লেবাননে ১০ মিনিটে শতাধিক স্থাপনায় ব্যাপক হামলা, নিহত ২৫৪

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর থাকার মধ্যেই লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাত্র ১০ মিনিটের ব্যবধানে শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যা চলমান সংঘাতে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অভিযোগ করেছেন, নিরস্ত্র ও শান্তিপূর্ণ বেসামরিক মানুষের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মূল লক্ষ্য ইরানকে এমন অবস্থানে নিয়ে আসা, যাতে দেশটি আর পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে হুমকি সৃষ্টি করতে না পারে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মাঝেও এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং চলমান শান্তি প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।