মানবতাবিরোধী অপরাধ মামলায় আ.লীগের ৩ শীর্ষ নেতার জামিন আবেদন নাকচ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার জামিন আবেদন নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আরও পড়ুন: চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
মামলায় ডা. দীপু মনি ছাড়াও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী আসামি হিসেবে রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদনে বলেন, দীর্ঘ সময়েও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আইন অনুযায়ী জামিন পাওয়ার সুযোগ রয়েছে। তারা মানবিক দিক বিবেচনায় জামিনের আবেদন জানান।
আরও পড়ুন: জর্ডান ও কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
অন্যদিকে চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল জামিন আবেদন নাকচ করে আগামী ২৬ জুলাই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং ওই দিন পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
ডা. দীপু মনির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান এবং সিফাত মাহমুদ। কামাল আহমেদ মজুমদারের পক্ষে শুনানি করেন সৈয়দ মিজানুর রহমান। তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন।
শুনানিতে কামাল আহমেদ মজুমদারের শারীরিক অবস্থার বিষয় তুলে ধরে তার আইনজীবী বলেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন।
এদিকে আদালত তৌফিক নেওয়াজকে (ডা. দীপু মনির স্বামী) সাক্ষাতের অনুমতি দিলে তিনি ট্রাইব্যুনালের হাজতখানায় স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ করেন।





