শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে চলন্ত গাড়িতে থাকা অবস্থায় চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছানোর পর গাড়ির দিকে একের পর এক গুলি ছোড়া হয়। হামলায় তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা আহত হন।
আরও পড়ুন: শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন তিনি ও বুদ্ধদেব বেরা।
আরও পড়ুন: যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।





