আগামী সপ্তাহে ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ১০:০৪ পূর্বাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই নতুন করে সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

স্থানীয় সময় শুক্রবার মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নতুন অভিযানের জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের তুলনায় আরও তীব্র বোমাবর্ষণ চালানো হতে পারে। এতে ইরানের সামরিক স্থাপনা ছাড়াও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।

এছাড়া পারস্য উপসাগরে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও আলোচনায় রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের মূল ভূখণ্ডে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। তবে এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে বড় ধরনের হতাহতের আশঙ্কা রয়েছে।

এ ধরনের অভিযানে সহায়তার জন্য কয়েক হাজার সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২–কে দেওয়া বক্তব্যে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ধরে নিয়েই প্রস্তুতি চলছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে যে ইরানের সঙ্গে আলোচনায় কাঙ্ক্ষিত সমাধান আসছে না। আমরা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহব্যাপী সংঘাতের প্রস্তুতি নিচ্ছি।”

এর আগে চীন সফর শেষে দেশে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান যদি আগামী ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। যদিও এর আগে তিনি ইরানের জন্য স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দিয়েছিলেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস