বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর নির্মাণ করবে ভারত
বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে ৭ থেকে ৮টি আন্তর্জাতিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত। দেশটির ভূমি বন্দর কর্তৃপক্ষ (ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া-এলপিএআই) এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এলপিএআই পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ স্থলবন্দর হলো পেট্রাপোল, যা বনগাঁর কাছে বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
আরও পড়ুন: সিন্ধু নদীর পানি ইস্যুতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের
নতুন স্থলবন্দর নির্মাণের জন্য যেসব স্থান বিবেচনায় রয়েছে, তার মধ্যে রয়েছে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি, উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং আলিপুরদুয়ারের বীরপাড়া। বর্তমানে এসব এলাকায় স্থল কাস্টমস স্টেশন থাকলেও সেগুলোকে আধুনিক অবকাঠামোসমৃদ্ধ আন্তর্জাতিক স্থলবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এলপিএআই সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই এসব প্রকল্প নিয়ে কাজ চলছে। তবে সীমান্তবর্তী এলাকায় প্রয়োজনীয় জমি না পাওয়ায় উন্নয়ন কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। সংস্থাটি আশা করছে, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধি পেলে জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা দূর হবে এবং প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে।
আরও পড়ুন: হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
কলকাতায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে এলপিএআই চেয়ারম্যান জয়ন্ত সিং বলেন, পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮টি নতুন স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি বন্দরের জন্য গড়ে প্রায় ৫০ একর জমি প্রয়োজন হবে এবং তা সীমান্তবর্তী এলাকাতেই হতে হবে।
একটি আধুনিক স্থলবন্দরে পণ্য পরিবহন ও খালাস সুবিধা, ট্রাক পার্কিং, গুদাম, শীতল সংরক্ষণাগার, অভিবাসন বিভাগ, কাস্টমস এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর অবকাঠামোসহ প্রয়োজনীয় সব সেবা একসঙ্গে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গের এ উদ্যোগ ভারতের বৃহত্তর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ। দেশজুড়ে আরও ৭৪টি নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে ভারতে ১৫টি স্থলবন্দর কার্যক্রম চালু থাকলেও নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের মোট বাণিজ্যের পরিমাণ ২ লাখ ২৭ হাজার ৫২২ কোটি রুপি। এর মধ্যে ৮২ হাজার ৮৪৪ কোটি রুপির বাণিজ্য সম্পন্ন হয়েছে স্থলবন্দরগুলোর মাধ্যমে। পাশাপাশি স্থলসীমান্ত ব্যবহার করে আরও প্রায় ৪ লাখ ৪৪ হাজার ১৬৭ কোটি রুপির অতিরিক্ত বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দেশটির সরকার।





