ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫ সমঝোতা স্মারক সই হবে

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে এ সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেলেন মন্ত্রীর মর্যাদা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আশা করছি, এসব চুক্তি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি জানান, বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।

আরও পড়ুন: প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মাহদী আমিন বলেন, চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, “আমরা আশা করি, এসব আলোচনা ও সমঝোতা ইতিবাচক ফল বয়ে আনবে, যা বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য ও সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”