ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হতে পারে।

ট্রাম্প তার পোস্টে বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি প্রযুক্তির যুদ্ধসরঞ্জাম সৌদি-কাতারের হাতে, দাবি হারেৎজের

তিনি লেখেন, খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না। এমন একটা সময় আসতে পারে, যখন আর যুক্তিসংগত আচরণ করা সম্ভব হবে না। যে কাজটি আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম, তা সম্ভবত সামরিকভাবেই শেষ করতে বাধ্য হব। যদি তা হয়, তাহলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।

আরও পড়ুন: অস্থায়ী সুরক্ষায় থাকা অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

এদিকে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা সামরিক আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। সংস্থাটির দাবি, তাদের নৌবাহিনী ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে এবং এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল সংঘাত নিয়ন্ত্রণে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও উভয় পক্ষই কঠোর অবস্থানে রয়েছে।