মেক্সিকোর পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেক্সিকোর পশ্চিম উপকূলের কাছে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর এল প্রোগ্রেসো শহরের প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কম্পন আশপাশের বিভিন্ন এলাকায়ও অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে বাড়ছে ভূমিকম্পের তৎপরতা

আরও পড়ুন: ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৫, নিখোঁজ শত শত পর্যটক

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানছে। সম্প্রতি ভেনেজুয়েলায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প বিজ্ঞানে এ ধরনের ঘটনাকে 'ডাবলেট' বলা হয়, যেখানে কাছাকাছি সময়ে সমমাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হওয়ায় ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে যায়।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, গত ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪.৫ বা তার বেশি মাত্রার মোট ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা বৈশ্বিক ভূমিকম্প তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলেও সম্প্রতি ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মেনডোসিনো কাউন্টির রেডউড ভ্যালির কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ মাইল গভীরে।

অন্যদিকে জাপানের উত্তর উপকূলেও ব্যস্ত সময়ের মধ্যে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ইওয়াতে প্রিফেকচারের পূর্ব উপকূলের কাছে আঘাত হানা এ ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ৬.৯ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.২ নির্ধারণ করা হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড