পাকিস্তানে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, ১১ জুলাই বৈঠকের সম্ভাবনা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে পারে বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১১ জুলাই পাকিস্তানের আয়োজনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: খামেনির জানাজা সম্পন্ন, তেহরানে লাখো মানুষের সমাগম
প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, জব্দ করা ইরানি সম্পদ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন কার্যক্রম শেষ হওয়ার পর দেশটির প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন: খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জনস্রোত, প্রতিশোধের বার্তা ইরানের
এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে, বিশেষ করে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত কমানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।
পরবর্তীতে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।
এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পৃথকভাবে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, সমঝোতা স্মারক-সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।





