টানা ১১তম দিনের মতো ইরানে মার্কিন হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ইরানে টানা ১১তম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ জুলাই) রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার পর একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের সক্ষমতা আরও দুর্বল করার উদ্দেশ্যে দেশটির বিরুদ্ধে ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

সেন্টকম এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের সামরিক অভিযানকেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা তোহিদ আসাদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধন প্ল্যান্টে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহরের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ফার্স নিউজের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের সিরিকের আশপাশেও একাধিক বিস্ফোরণ ঘটেছে।

ফার্স নিউজ আরও জানায়, খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের কাছাকাছি এলাকাও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় ভোর ২টা ৪০ মিনিটে এ হামলা হয় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ড্রোন হামলা প্রতিহত করেছে। একই সঙ্গে বলা হয়, চলতি মাসে মার্কিন হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশে ইরান একাধিক হামলা চালিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার কংগ্রেসকে জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতিতে পেন্টাগনের জন্য অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন হেগসেথ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি খুব শিগগিরই এবং আরও জোরালোভাবে ‘পিক্যাক্স মাউন্টেন’ নামের একটি সন্দেহভাজন ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন।

এর জবাবে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালালে এ অঞ্চলে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।