মধ্যপ্রাচ্যে সংঘাত
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের বাজার, ১০০ ডলার ছুঁইছুঁই
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি চলে এসেছে। সংঘাত দীর্ঘায়িত হলে সরবরাহ সংকটের আশঙ্কায় দাম আরও বাড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়।
আরও পড়ুন: তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও কম্পন
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ঊর্ধ্বমুখী ছিল। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
তেলের বাজারে নতুন করে অস্থিরতার পেছনে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকেই প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে নতুন হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধের প্রভাবও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: ইরানি হামলায় মার্কিন দুই জাহাজ ও ৮ ট্যাংকার ক্ষতিগ্রস্ত
দীর্ঘ ছয় মাস ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার পাশাপাশি নতুন করে হামলা ও পাল্টা হামলা তীব্র হওয়ায় তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে শঙ্কা বাড়ছে। সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও দ্রুত বাড়তে পারে।
বাজারের সাম্প্রতিক গতিপথও সেই আশঙ্কাকে জোরালো করছে। আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের বর্তমান ধারা অব্যাহত থাকলে শিগগিরই ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





