নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে আইনি নোটিশ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোয় রূপ দেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই আইনি নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন নেওয়া হবে না, তার ব্যাখ্যা ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
নোটিশে রুল জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট ও স্থায়ী আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। সংসদ অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির প্রস্তাবও রাখা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য শাস্তির বিধান, সংশ্লিষ্ট সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, প্রস্তাবিত কমিশনকে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে হবে। তদন্তের আওতায় সহিংসতার অভিযোগের পাশাপাশি অর্থায়নের উৎস এবং এতে কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রাখা হয়েছে।
নোটিশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জাতিসংঘকে অবহিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারার আওতায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তাবও রয়েছে।
তবে নোটিশে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়েছে। বৈধ রাজনৈতিক মতামত প্রকাশ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে যেন শাস্তির আওতায় আনা না হয়, সে বিষয়েও সুরক্ষা রাখার কথা বলা হয়েছে।





