সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিপন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন: জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হলো

এর আগে গত ১১ মে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন আদালতে জাহাঙ্গীরআলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

শুনানির সময় জাহাঙ্গীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আরও পড়ুন: বিআরটিএ এর অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার গত ২৮ আগস্ট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।