পিআইবিতে ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ
ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ২৭ ও ২৮ জুন রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত পিআইবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এ প্রশিক্ষণ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কর্মসূচি।
পিআইবির প্রকাশিত প্রশিক্ষণসূচি অনুযায়ী, এতে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)-ভুক্ত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে কর্মরত রিপোর্টার, সাংবাদিক, ফিচার লেখক, সম্পাদক, আলোচক, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিককে মারধরের অভিযোগ
প্রশিক্ষণের মূল লক্ষ্য ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই (ফ্যাক্টচেকিং), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ডিজিটাল প্রকাশনা কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি আধুনিক প্রযুক্তির কার্যকর ও নৈতিক ব্যবহারের মাধ্যমে আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য ও মানসম্পন্ন সংবাদ পরিবেশনের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুই দিনের কর্মসূচিতে এআই-ভিত্তিক সাংবাদিকতা, কার্যকর প্রম্পট তৈরি, সংবাদ ও কনটেন্ট তৈরিতে এআই-এর ব্যবহার, ফ্যাক্টচেকিংয়ের মৌলিক ধারণা, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), ছবি ও ভিডিও যাচাই, জিওলোকেশন, ডিজিটাল আর্কাইভ, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য ব্যবহারিক আলোচনা ও প্রশ্নোত্তরের সুযোগ থাকছে।
আরও পড়ুন: কবি আল মুজাহিদীর মৃত্যুতে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের শোক
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের তথ্য-যাচাই পদ্ধতি ও বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারবে। পাশাপাশি বিকৃত ছবি ও ভিডিও শনাক্তকরণ, সংবাদ যাচাইয়ের কার্যকর কর্মপ্রবাহ তৈরি, গবেষণা, অনুবাদ, ট্রান্সক্রিপশন এবং সম্পাদকীয় কাজে এআই ব্যবহারের বাস্তব ধারণা লাভ করে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন ও পাঠকের সম্পৃক্ততা বৃদ্ধির কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।





