গাজীপুর সিটিতে মেয়র পদে ১২ জনসহ মোট প্রার্থী ৩৮৪

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ন, ২৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি সংরক্ষিত আসনে এবং সাধারণ আসনের কাউন্সিলরসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, গাজীপুর সিটি করপোরেশন ভোটে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র নিলেও দাখিল করেছেন ১২ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র নিয়ে জমা দেয় ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৪৩ জন মনোনয়নপত্র নিলেও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন ২৯০ জন। মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ হলেও রিটার্নিং কর্মকর্তার কাছে ৩৮৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

আরও পড়ুন: দুর্গাপূজা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিদের কঠোর নির্দেশনা

ইসি আরও জানায়, মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন