এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার: সেতুমন্ত্রী

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‍্যাম্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী বছরের শুরুতে পুরো এলিভেটেড এক্সপ্রেস খুলে দেওয়া হবে বলে তিনি জানান।

বুধবার (২০ মার্চ) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প উন্মুক্ত করন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাতারাতি যানজট কমানো সম্ভব না, মেট্রোরেল এবং এলিভেটেডের সব কাজ শেষ হলে যানজট কমে যাবে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের মো. মনজুর হোসেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

বিমানবন্দর, বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে এ র‍্যাম্প দিয়ে নেমে যাওয়া যাবে কারওয়ান বাজার, হাতিরঝিল, মগবাজার, মিন্টো রোডসহ পার্শ্ববর্তী এলাকায়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‌্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।