সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানের মাধ্যমে মাহির সরওয়ার মেঘের হাতে এই দলিল তুলে দেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের ৪র্থ কমিটি গঠন, সভাপতি তাছবীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিক
২০০৪ সালে প্লটটির জন্য আবেদন করেছিলেন সাংবাদিক সাগর সরওয়ার এবং ২০০৫ সালে তিনি এর বরাদ্দ পান। যদিও ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়েছিল, তবুও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লটটি সাগর সরওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি।
উত্তরাধিকার সূত্রে বর্তমানে প্লটটির মালিক হলেন সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং তার ছেলে মাহির সরওয়ার মেঘ।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।” এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পেরেছে যে তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে।
অনুষ্ঠানে মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান।





