আ.লীগের সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তারাই এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বলেন, “দেশজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে—এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না।”
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: দুর্গাপূজা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিদের কঠোর নির্দেশনা
প্রেস সচিব জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
শফিকুল আলম বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও দৃঢ় করতে হবে।”
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
তিনি আরও বলেন, “দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম আমাদের অন্যতম সহযোগী শক্তি।”
সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।





